প্রিন্ট এর তারিখঃ Nov 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2026 ইং
আশরাফুলের গোলে চীনকে রুখল বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে ষষ্ঠ হওয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের। কিন্তু চীনের বিপক্ষে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরে খেলতে হয়েছিল সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ। এজন্য আগামী এশিয়ান গেমসের বাছাই ও চ্যাম্পিয়নস ট্রফি খেলার সুযোগ মিস বাংলাদেশের। এবার ড্রয়ের মাধ্যমে সেই হারের প্রতিশোধ নিল লাল-সবুজের প্রতিনিধিরা। হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে চীনকে ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ।
ভারতের জলন্ধরে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ছিল বাংলাদেশের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশ শক্তিশালী চীনের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পেয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশ হেরেছে চারটিতে। আজই একমাত্র ড্র করেছে তারা।
ম্যাচের প্রথম কোয়ার্টারেই লিড নেয় চীন। দ্বিতীয় কোয়ার্টারে চীন গোল করতে পারেনি। ফলে বাংলাদেশ ০-১ গোলে পিছিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারে খেলায় সমতা আনে বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোক থেকে অধিনায়ক আশরাফুল ইসলাম গোল করেন। শেষ কোয়ার্টারে দুই দলের কেউই গোল করতে পারেনি। ফলে এক পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ে দুদল।
বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করেছিল ভারতের বিপক্ষে ১৩-০ গোলের ব্যবধানে হেরে। পরের ম্যাচে জাপানের বিপক্ষে মাত্র ১-০ গোলে হারে বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ ও জাপানের বিরুদ্ধে ছিল ৫ গোলের হার।
আজ চীনের বিপক্ষে এক পয়েন্ট বাংলাদেশের জন্য বড় স্বস্তি। বাংলাদেশ ২০১৩ সালে ওয়ার্ল্ড হকি লিগে চীনকে পরাজিত করেছিল। এরপরও ড্র করেছিল। তবে এক মাস আগে ১ অক্টোবর জাপানের আইচি নাগোয়ায় বড় হারের প্রতিশোধ ভারতে নিয়েছে বাংলাদেশ।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।